শব্দের ভুবনে · স্বাগতম

কবিতার ভুবনে স্বাগতম

সে

___জীবনানন্দ দাশ
আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলো: 'এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল:
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।'
'এর নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাদের বললাম;
গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম।
আজো আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।
সময়ের অবিরল শাদা আর কালো
বনানীর বুক থেকে এসে
মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে
ঢের আগে নারী এক - তবু চোখ ঝলসানো আলো
ভালোবেসে ষোলো আনা নাগরিক যদি
না হয়ে বরং হতো ধানসিঁড়ি নদী।
লিখেছেন Blogger প্রিয় কবিতার ভুবনে প্রকাশিত মৌলিক রচনা

মন্তব্যসমূহ

এখনও কোনো মন্তব্য নেই। কবিতাটি কেমন লাগল, লিখে রাখুন — লেখকের জন্য এটি মূল্যবান।